রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ
রাজধানীর মোহাম্মদপুরে ২ স্থানে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে মূল্য সংযোজন কর (মূসক) নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (১৬ সেপ্টেম্বর) এই অভিযানে আনুমানিক ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, যার মাধ্যমে সরকারের প্রায় ৩০ লাখ টাকার রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলীর পিসি কালচার হাউজিং ও মোহাম্মদপুরের জয়েন্ট কোয়ার্টার এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১টার দিকে দু’টি দল একযোগে দুই ভবনে অভিযান শুরু করে।
একটি গুদাম থেকে প্যাট্রন ন্যানো ২ লাখ ২ হাজার ২০০, মন্ড স্ট্রবেরি ১০ হাজার, মন্ড সিলভার ১৬ হাজার ৬০০ এবং ওরিস ন্যানো ২৬ হাজার ৪০০ শলাকা উদ্ধার করা হয়। অপর গুদাম থেকে অরবিট, মন্ড, প্যাট্রন ও ওরিস ব্র্যান্ডের ৬১ হাজার ২০০ শলাকা সিগারেট পাওয়া যায়।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় চোরাচালান চক্রটিকে শনাক্ত ও আটকের প্রচেষ্টা চলছে। চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে বিদেশি নকল সিগারেট সরবরাহ করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দেশব্যাপী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
// ইমরান//
