১৫ দিনের মধ্যে জুলাই ও আগস্টের রিটার্ন চায় এনবিআর
চলতি মাসের ১৫ তারিখের মধ্যে জুলাই ও আগস্টের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের সময় দিয়ে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মাসে মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের বিধানে ফেরার তিন দিনের মাথায় এই আদেশ দিলো প্রতিষ্ঠানটি।
ব্যবসায়ীদের স্বস্তি দিতে চলতি অর্থবছর থেকে প্রতি মাসের বদলে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করা হয়। তবে মাসে মাসে রিটার্ন না মেলায় কর আদায়ের সর্বোচ্চ খাত থেকে প্রতিমাসে কী পরিমাণ ভ্যাট আদায় হচ্ছিলো, তার তথ্য পাওয়া যাচ্ছিলো না। উল্টোদিকে ভ্যাটের আদায় নেতিবাচক ধারায় যাওয়ার কথা বলে আসছিলেন এনবিআরের কর্মকর্তারা।
এর প্রেক্ষিতে আগের মতো মাসিক ভ্যাট রিটার্ন চালুর উদ্যোগ নেয় এনবিআর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত অধ্যাদেশের খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, বর্তমানে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস শেষে ভ্যাট রিটার্ন দাখিলে ১৫ দিন সময় থাকে। এর বদলে প্রত্যেক কর মেয়াদ বা প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিল করতে হবে।
// ইমরান//
