বাসে সন্তান জন্মদান, পরিবহনের নামে নাম, আজীবন ভ্রমণ ‘ফ্রি’
ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা আনাস এন্টারপ্রাইজের একটি চলন্ত বাসে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮)। রংপুরের মিঠাপুকুর এলাকায় প্রসববেদনা উঠলে বাস থামিয়ে এক ধাত্রীর সহায়তায় তার সন্তান প্রসব করানো হয়। মা ও ছেলে সুস্থ থাকায় বাসের যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাসে জন্ম নেওয়ায় নবজাতকের নাম রাখা হয়েছে আনাস হাসান। বাসটির নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা শিশুটির এই নাম রাখেন।
এদিকে, বাসে জন্ম নেওয়া নবজাতকের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব দিপু শিশুটিকে আজীবন বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশুর বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জে ফিরছিলেন আবিদা বেগম। তিনি জিরানীতে একটি বেসরকারি গার্মেন্টসে কাজ করেন।
বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে চালক বাস থামিয়ে দেন। বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় বাসের মধ্যেই তার প্রসবের ব্যবস্থা করা হয়।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবিদার সন্তান প্রসবের সম্ভাব্য সময় ছিল আরও প্রায় ২০ দিন পর। এই কারণে তাকে নিয়ে বাবা-মা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। গন্তব্যে পৌঁছানোর আগেই চলন্ত বাসে প্রসববেদনা ওঠে এবং সেখানেই সন্তানের জন্ম হয়।
// ইমরান//
