চট্টগ্রাম ওয়াসার রেকর্ড ২৮ কোটি টাকা রাজস্ব আদায়
সেপ্টেম্বরে রেকর্ড ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম ওয়াসা। দীর্ঘদিন ধরে সংস্থাটির মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও বকেয়া আদায়ে বিশেষ কার্যক্রম পরিচালনার পর এবার তা রেকর্ড পরিমাণে বেড়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এই তথ্য জানান।
ওয়াসার হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে পানির বিল বাবদ আদায় হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে চলতি বিল থেকে ১৪ কোটি ১৯ লাখ ১১ হাজার এবং বকেয়া বিল থেকে ১২ কোটি ১৪ হাজার টাকা আদায় হয়েছে।
এ ছাড়া সারচার্জ থেকে ৮০ লাখ ৫৭ হাজার, গভীর নলকূপ ফি ৬৫ লাখ ৫০ হাজার এবং নতুন সংযোগ খাতে ৩৫ লাখ ৯৩ হাজার টাকা আদায় হয়েছে। এর আগে আগস্টে ওয়াসার রাজস্ব আদায় হয়েছিলো ২৬ কোটি ৮০ লাখ টাকা।
// ইমরান//
