৮ মাসে পুঁজিবাজারে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
২০২৬ সালের প্রথম ৮ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। জানুয়ারি থেকে আগস্টে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা, যা ২০২৫ সালের পুরো বছরের লেনদেনের প্রায় ৯৪ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ৮ মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিলো ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিদেশি লেনদেন বৃদ্ধির পেছনে ডিএসই’র একক কোনো উদ্যোগ কাজ করছে না। পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, এমএসসিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশ ব্যাংকের এনআইটিএ-সংক্রান্ত বিধি সহজ করা এবং টি+১ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ মিলিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা গেছে।
ডিএসইর তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে বিদেশি লেনদেনে উল্লেখযোগ্য ওঠানামা থাকলেও সামগ্রিক প্রবণতা ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে বিদেশি লেনদেন ছিলো ৩৭৭ কোটি ২৩ লাখ ৮৩ হাজার ৪৬৬ টাকা। ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ৬৬৩ কোটি ২৭ লাখ ৮০ হাজার ৭৯৫ টাকা। মার্চে লেনদেন কমে ২৭২ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৯৮০ টাকা হয়। এপ্রিলে তা আরও কমে দাঁড়ায় ১৭৫ কোটি ১৫ লাখ ৮৭ হাজার ৪৬০ টাকা।
মে মাসে বিদেশি লেনদেনে বড় উত্থান ঘটে। লেনদেন হয় ৮৩১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার ৭৭১ টাকা, যা চলতি বছরের প্রথম ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। জুনে বিদেশি লেনদেন হয়েছে ৫৪০ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৪৭০ টাকা। জুলাইয়ে লেনদেন ছিল ৫২৩ কোটি ১৪ লাখ ৫২ হাজার ৯৬৬ টাকা এবং আগস্টে তা কমে দাঁড়ায় ৩১৮ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ৯৯১ টাকা।
// ইমরান//
