পূজার আগে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে অনিশ্চয়তা
শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১০ অক্টোবর। এর আগে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়নি। এর মধ্যে আজ বৃহস্পতিবার থেকে ২২ দিনের জন্য সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ হচ্ছে।
দুর্গাপূজা উপলক্ষে ২০১৯ সাল থেকে বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবার ইলিশ আমদানির অনুমতি চেয়ে গত আগস্টে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মাছ আমদানিকারক সমিতি। একই সঙ্গে রপ্তানির অনুমতি চেয়ে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
এসব আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এখনো সেই মতামত পাওয়া যায়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর রপ্তানির অনুমোদন প্রক্রিয়ায় আরও দুই থেকে তিন দিন সময় লাগে। এরপর বিষয়টি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হয়। ফলে হাতে থাকা সময়ে এবার পূজায় ভারতে ইলিশ রপ্তানি সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
/শান্ত/
