বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অতিরিক্ত সহায়তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটি একটি চলমান প্রক্রিয়া, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আগামী কয়েক মাস ধরে আলোচনা চলবে। এই বিষয়ে ঢাকাতেও আলোচনা অব্যাহত থাকবে।
বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংস্থাটির সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নেওয়া নীতির সঙ্গেও বিশ্বব্যাংক একমত।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিলো। আগের সময়ের বিভিন্ন দায়দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটও মোকাবিলা করতে হচ্ছে। এসব বিষয় বিশ্বব্যাংক অনুধাবন করছে।
বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। এই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকও বিভিন্ন সুপারিশ ও পরামর্শ দিয়েছে।
/শান্ত/
