ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের মারামারি
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
পুলিশ জানায়, চাকরিতে পুনর্বহালের দাবিতে ব্যাংকের সামনে অবস্থান নিতে যান চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। একই জায়গায় কর্মসূচি ছিল গ্রাহক ফোরামের। দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহক ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরুর পর এস আলমের আমলে নিয়োগ পেয়ে পরে চাকরিচ্যুত কর্মকর্তারা তাদের ওপর হামলা করেন। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।
অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিলো। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
/শান্ত/
