সর্বজনীন পেনশন: টাকা তুলে নেওয়া যাবে ৫ বছর পর
প্রতীকী ছবি।
সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও বেশি আকর্ষণীয় ও গ্রাহকবান্ধব করতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৫ বছর বয়সেই পেনশন সুবিধা চালু, ৫ বছর পর জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলনের সুযোগ এবং পেনশনভোগীর মৃত্যুর পর নমিনির আজীবন পেনশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়গুলো উপস্থাপন করা হবে। এটি পেনশন কর্তৃপক্ষের চতুর্থ পরিচালনা পর্ষদের বৈঠক। এতে উপস্থাপনের জন্য পেনশন কর্তৃপক্ষ ১১টি আলোচ্যসূচি রেখেছে। যেসব প্রস্তাব পর্ষদ থেকে অনুমোদন পাবে, সেগুলো বাস্তবায়নের দিকে যাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
বর্তমানে চারটি সর্বজনীন পেনশন স্কিম চালু আছে। এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। এগুলোর মাধ্যমে কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ ও প্রবাসীরা পেনশন সুবিধার আওতায় আসার সুযোগ পাচ্ছেন। দেশের ৪ শ্রেণির প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে ২০২৩ সালের ১৭ আগস্ট চালু করা হয় সর্বজনীন পেনশন-ব্যবস্থা।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চালুর ৩ বছর পার হয়ে গেছে। সর্বজনীন পেনশনের ৪টি কর্মসূচিতে এই পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন গ্রাহক। তাদের জমা করা মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।
// ইমরান//
