বন্ধ ৪ পাটকল চালু করলো আবুল খায়ের গ্রুপ
ফরিদপুর ও কুষ্টিয়ায় দীর্ঘদিন বন্ধ থাকা চারটি পাটকল চালু করেছে আবুল খায়ের গ্রুপ। এসব কারখানায় উৎপাদন শুরু হওয়ায় প্রায় ১৫ হাজার শ্রমিকের নতুন করে কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি পাটপণ্য রপ্তানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি।
চালু হওয়া কারখানাগুলো হলো ফরিদপুরের রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ, দাহমাশী জুট ইন্ডাস্ট্রিজ, ফরিদপুর জুট ফাইবার্স এবং কুষ্টিয়া জুট ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি পুনরায় উৎপাদনে গেছে।
আবুল খায়ের গ্রুপ সূত্রে জানা গেছে, চারটি কারখানা থেকে বছরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন পাটের সুতা ও অন্যান্য পাটজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশে এসব পণ্য রপ্তানি করা হচ্ছে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ১২০ কোটি ডলার বা ১ হাজার ৫০০ কোটি টাকার পাটের সুতা রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
আবুল খায়ের গ্রুপের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল শেখ শাবাব আহমেদ বলেন, নতুন কারখানা তৈরির বদলে বন্ধ থাকা কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে বেশি মূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, সরকারি খাতের বন্ধ থাকা আরও তিন থেকে চারটি পাটকল নেওয়ার জন্যও আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
/শান্ত/
