কার্বন বাণিজ্যে বাংলাদেশের বড় সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর
জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি কার্বন বাণিজ্য বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক ও পরিবেশগত সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের (সিএজেএফ) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।
মিচেল লি বলেন, কার্বন বাণিজ্য বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সুবিধাও অর্জন করতে পারে। আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এ খাতে এগিয়ে যেতে বাংলাদেশকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
বৈঠকে সিঙ্গাপুরের কৃষি ও সীমিত ভূমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টেকসই খাদ্য উৎপাদনের অভিজ্ঞতা তুলে ধরেন হাইকমিশনার। তিনি বলেন, পানি ব্যবস্থাপনা, জ্বালানি দক্ষতা, বর্জ্য শোধন ও টেকসই নগর উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য কাজে লাগতে পারে।
বৈঠকে বাংলাদেশে কার্বন প্রকল্পের সম্ভাবনা, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশবান্ধব বিনিয়োগ আকর্ষণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
// ইমরান //
