৭ দিনের মধ্যে মাউশির ভুয়া পেজ-গ্রুপ বন্ধের নির্দেশ
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এসব পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাউশি।
রবিবার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী মাউশির নাম, পরিচিতি ও লোগো ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপ পরিচালনা করছে। এসব প্ল্যাটফর্মে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে। এতে শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education - DSHE’ নামের ফেসবুক পেজটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ। এর বাইরে মাউশির নামে পরিচালিত কোনো পেজ বা গ্রুপ অনুমোদিত নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ দিনের মধ্যে অননুমোদিত পেজ ও গ্রুপের সব কার্যক্রম বন্ধ না করলে অতিরিক্ত কোনো সতর্কতা ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
/শান্ত/
