ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা অনুদান, আবেদন করবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পের আওতায় এ অনুদান দেওয়া হবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
কোন প্রকল্পে কত টাকা
ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রমোশনাল গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষকেরা সর্বোচ্চ ৭ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখার গবেষকেরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পাবেন।
অন্যদিকে, একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ ৮ লাখ টাকা অনুদান দেওয়া হবে। প্রতিটি প্রকল্পের মেয়াদ এক বছর।
আবেদনের যোগ্যতা
প্রমোশনাল গবেষণা প্রকল্পে আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্পে আবেদন করতে পারবেন পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপকেরা। তাদের স্বীকৃত ইনডেক্সড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে আবেদনকারীকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হতে হবে।
আবেদন করবেন যেভাবে
গবেষণা প্রকল্পের প্রস্তাব অনলাইনে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করবে না ইউজিসি। একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না। ইউজিসির অর্থায়নে চলমান গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আবেদনও করা যাবে না।
/শান্ত/
