জাহাঙ্গীরনগরে র্যাগিংয়ের দায়ে ২০ শিক্ষার্থীর ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের দু’টি পৃথক ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরিমানার অর্থ পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা চলমান কিংবা নির্ধারিত কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর বিশেষ সিন্ডিকেট সভায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা অধ্যাদেশ, ২০১৮- এর ৩(২) (ঘ) ধারা অনুযায়ী এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অফিস আদেশের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই রাত ১০টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জুনিয়রদের র্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পাশের মনপুরা এলাকায় ঘটনাটি ঘটে।
অন্য একটি ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৩ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ মাঠে গত ৩ জুলাই রাত ১১টা থেকে রাত ২টার মধ্যে ঘটনাটি ঘটে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
// ইমরান//
