নববধূকে রেখে না ফেরার দেশে ইকন
বিয়ের তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লক্ষ্মীপুরের রামগঞ্জের ইকন নামে এক যুবকের। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি স্থানীয় আরএসএল নেটওয়ার্কে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজার এলাকায় একটি জিপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইকনের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
/শান্ত/
