সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ
জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ (৪ সেপ্টেম্বর)। ৭২ পেরিয়ে ৭৩ বসন্তে পা দিয়েছেন তিনি। ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এই শিল্পী।
সংগীত পরিবারে জন্ম নেওয়া সাবিনা ইয়াসমিনের বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও রবীন্দ্রসংগীতশিল্পী। মা মৌলুদা খাতুন শাস্ত্রীয় সংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত। মাত্র ৭ বছর বয়সে মঞ্চে গান গাওয়ার মাধ্যমে সংগীত জগতে প্রবেশ করেন তিনি।
১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশু কণ্ঠশিল্পী হিসেবে গানের মাধ্যমে যাত্রা শুরু করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবিতে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর তিনি সংগীতের জগতে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেন।
সাবিনা ইয়াসমিনের গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘ও আমার বাংলা মা’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘মাঝি নাও ছাড়িয়া দে’ , ‘ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য’ ও ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘জন্ম থেকে জ্বলছি মাগো’, ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ ও ‘বরষার প্রথম দিনে’।
সাবিনা ইয়াসমিনের গাওয়া গানের সংখ্যা কয়েক হাজার। তিনি একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৪ বার)সহ প্রচুর পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
// ইমরান//
