আর্সেনাল ছেড়ে সৌদি লিগে মার্টিনেল্লি
সংগৃহীত ছবি
৭ বছরের সম্পর্কের ইতি টেনে আর্সেনাল ছাড়লেন ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
মার্টিনেল্লিকে দলে নিতে আর্সেনালকে ৬ কোটি পাউন্ড দেবে আল হিলাল। ফলে আর্সেনালের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার ফি-তে বিক্রি হওয়া খেলোয়াড় হলেন মার্টিনেল্লি। এর আগে ২০১৭ সালে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে অ্যালেক্স চেম্বারলেইনকে বিক্রি করাই ছিল আর্সেনালের রেকর্ড।
আল হিলালের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন মার্টিনেল্লি। চলতি মৌসুমে সৌদি ক্লাবটি এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে।
২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সে আর্সেনালে যোগ দেন মার্টিনেল্লি। এরপর গানারদের হয়ে ২৭৮ ম্যাচে করেছেন ৬২ গোল।
আর্সেনালের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো মার্তিনেল্লির। ২২ বছর পর ক্লাবটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও মাঠে ছিলেন এই ব্রাজিলিয়ান।
আর্সেনালের সর্বশেষ দুই ম্যাচে কভেন্ট্রি সিটি ও অ্যাস্টন ভিলার বিপক্ষে দলে ছিলেন না মার্টিনেল্লি।
