৬০ বছরে পা রাখলেন জাহিদ হাসান
জাহিদ হাসান।
৬০ বছরে পা রাখলেন চিরসবুজ অভিনয়শিল্পী জাহিদ হাসান। ১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে তার জন্ম। ১৯৯০ দশক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।
অভিনয় জীবনের প্রথম থেকেই তিনি ভিন্নধর্মী নাটক ও চরিত্রের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেও সুনাম অর্জন করেন জাহিদ হাসান। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ এবং মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ তার অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।
এই গুণী অভিনেতার স্কুলজীবনেই শুরু অভিনয়ের চর্চা। মঞ্চনাটক দিয়ে প্রথম টিভি পর্দায় আগমন ১৯৮৪ সালে। বড় পর্দায় তার অভিষেক ১৯৮৬ সালে ‘বলবান’ সিনেমা দিয়ে। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জনপ্রিয়তার চূড়ায় ওঠেন জাহিদ হাসান। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটক-সিনেমাতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।
ব্যক্তিগত জীবনে জাহিদ হাসান প্রতিষ্ঠিত মডেলকন্যা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ের নাম পুষ্পিতা এবং ছেলের নাম পূর্ণ।
বড় মেয়ে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্টে পড়ছেন। ছেলে এ লেভেল শেষ করেছেন। শিগগিরই তিনিও দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন বলে জানা যায়।
// ইমরান//
