জন্মদিনে শাহরুখের ভক্তদের জন্য চমক, ‘কিং’-এর নতুন টিজার নিয়ে জল্পনা
সংগৃহীত ছবি
বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তাঁর আসন্ন সিনেমা ‘কিং’। আগামী ২ নভেম্বর অভিনেতার ৬১তম জন্মদিনে সিনেমাটির নতুন টিজার প্রকাশের পরিকল্পনা করছে নির্মাতা দল। এমন খবর প্রকাশ করেছে ভারতের একাধিক বিনোদন সংবাদমাধ্যম। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার ১৩ অক্টোবরের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দ শাহরুখের জন্মদিনে সিনেমাটির টিজার প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমার শেষ ধাপের শুটিং শুরু হয়েছে মুম্বাইয়ে। এতে শাহরুখের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তাঁর মেয়ে সুহানা খানের একটি গানের দৃশ্য ধারণের পরিকল্পনার কথাও উঠে এসেছে। সিনেমার দৃশ্যায়ন ও পরবর্তী সম্পাদনার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রস্তুতি চলছে।
‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। নতুন সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াতসহ আরও অনেকে।
সিনেমাটির মুক্তির তারিখ অবশ্য আনুষ্ঠানিকভাবে নির্ধারিত। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘কিং’ ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শাহরুখের জন্মদিনে নতুন টিজার প্রকাশের পরিকল্পনা বাস্তবায়িত হলে বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির প্রচারণা আরও গতি পেতে পারে।
//আইই//
