অপ্রতিমের মৃত্যুতে কাঁদছে শোবিজ, তদন্ত ও বিচারের দাবি
ছবি তুলতে মুঠোফোন হাতে বাসা থেকে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। কিন্তু ২১ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয় সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর নিথর মরদেহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনাটি নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তারকারা।
অভিনেতা সিয়াম আহমেদ অপ্রতিমের ছবি দেখে নিজের সন্তানের কথা মনে পড়ার কথা জানিয়ে লেখেন, ‘অপ্রতিমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।’
তিনি আরো লেখেন, ‘কী ঘটেছিলো, কেন ঘটেছিলো, তার সঠিক উত্তর তদন্তের মাধ্যমে সামনে আসুক। কোনোভাবেই যেন সত্যটা চাপা না পড়ে। সর্বোচ্চ সততার সাথে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’
তৌসিফ মাহবুব লেখেন, ‘আমরা আইফোনকে এতটাই মহিমান্বিত করেছি যে এটি একটি জীবনের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠেছে। দোষটা আমাদেরই।’
অভিনেত্রী পূজা চেরীও গভীর শোক জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
অভিনেতা ইরফান সাজ্জাদ শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আহা বাচ্চাটা! বাংলাদেশি হিসেবে সবচাইতে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া।’
এখন তদন্তের মাধ্যমে অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের আইনের আওতায় আনার অপেক্ষায় পরিবারসহ সাধারণ মানুষ।
//রুশা//
