সমকামী সাজিয়ে বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে অভিবাসীদের সমকামী পরিচয়ে সাজিয়ে ভুয়া প্রমাণ তৈরি করে আশ্রয় আবেদনে সহায়তার অভিযোগে একটি সন্দেহভাজন চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
মঙ্গলবার লন্ডনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের অভিযোগ, চক্রটি ভুয়া ছবি, নথিপত্র ও সমর্থনপত্র তৈরি করে আশ্রয়প্রার্থীদের কাছ থেকে ১ হাজার থেকে সাড়ে ৪ হাজার পাউন্ড পর্যন্ত নিতো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চক্রটি বাংলাদেশি পুরুষদের করা কিছু আশ্রয় আবেদনে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে। এসব আবেদনে দেশে ফিরলে যৌন পরিচয়ের কারণে জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করা হয়।
ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের ফৌজদারি তদন্ত বিভাগের আঞ্চলিক প্রধান ক্রিস ফস্টার বলেন, পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলভিত্তিক বাংলাদেশিদের সংগঠন ‘আপনজন’-এর সঙ্গে সম্পৃক্ত কয়েকটি সন্দেহজনক আশ্রয় আবেদনের সূত্র ধরে কয়েক মাস তদন্তের পর গ্রেপ্তার করা হয়েছে।
তার দাবি, চক্রটি সংগঠনটির সমর্থনপত্র, সাজানো ছবি ও আবেদনকারীদের সমকামী পরিচয় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন চিঠি সরবরাহ করতো। এ ধরনের শতাধিক আশ্রয় আবেদন পর্যালোচনা করছে স্বরাষ্ট্র দপ্তর।
বিবিসির এক অনুসন্ধানে এর আগে যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের সমকামী পরিচয়ে আবেদন করতে সহায়তার অভিযোগ উঠে আসে। সেই অনুসন্ধানের সূত্র ধরে মে মাসেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
যুক্তরাজ্যে আশ্রয় সংক্রান্ত প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
/শান্ত/
