সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় আটকা সাড়ে পাঁচ হাজার যাত্রী
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার ঘটনায় গত শনিবার (১০ অক্টোবর) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী মোট ৫১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী।
সোমবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ফ্লাইট ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব এসব তথ্য জানান। তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীরা বর্তমানে দেশে আটকা পড়েছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৩টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৩টিসহ মোট ১২টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর বাইরে ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টিসহ মোট ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
গত শনিবার রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন এবং আহত হন আরও ৩০৮ জন। নিহত ব্যক্তিদের মধ্যে সৌদি আরবের চারজন ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক ছিলেন। এই ঘটনার পরদিন রবিবার ফের একই বিমানবন্দরে হামলা চালায় হুথিরা, যাতে এক পাকিস্তানি নাগরিক নিহত ও ১১ জন আহত হন।
//আইই//
