এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেলো
সংগৃহীত ছবি
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এই সময়ের মধ্যে ফল চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে এই বিষয়ে তথ্য জানান বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু লিখিত পরীক্ষা যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি, যার ফলে পরীক্ষা শেষ হতে দেরি হয়।
এi বছর দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব করা হলেও শিক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো তারিখ জানায়নি।
//শীউলি//
