পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির বিমান বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। নিহত দুই পাইলট হলেন ফ্লাইং ইন্সট্রাক্টর মেজর হাসনাইন শেহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী পাইলট ক্যাপ্টেন আব্দুল সামাদ। দেশটির সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (১২ অক্টোবর) দুপুরের দিকে কোয়েটার নওয়ান কিল্লি এলাকার কাছে পাকিস্তান সেনাবাহিনীর অ্যাভিয়েশনের একটি মুশাক প্রশিক্ষণ বিমান হঠাৎ বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটই নিহত হয়েছেন।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এর আগে জুন মাসে মুজাফফারাবাদের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেটিতে থাকা সকল আরোহী নিহত হয়েছিলেন। এছাড়া একই মাসে মারদান এলাকায় নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় পাকিস্তান বিমান বাহিনীর আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট প্রাণ হারিয়েছিলেন।
সূত্র: ডন
/আকরাম/
