ভারতের তরুণদের আন্দোলনে বাংলাদেশ পথ দেখিয়েছে: নেহা বোরা
ভারতের তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়া চলমান বিক্ষোভে বাংলাদেশের শিক্ষার্থীরা অনুপ্রেরণা জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রগতিশীল ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (আইসা)-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান।
বুধবার (১৪ অক্টোবর) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়। সেখানে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে কথা বলেন নেহা বোরা।
ভিডিও বার্তায় তিনি বলেন, ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে। আমাদের পথ দেখানোর জন্য ও ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তা ছিলো, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যেও এক।
বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারবো।
//আইই//
