ভয়াল ৯/১১ হামলার ২৫ বছর আজ
দুই দশক পেরিয়ে আজও অমলিন ৯/১১ হামলার ক্ষত। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কের ‘গ্রাউন্ড জিরোতে’ নিহতদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ আয়োজন। তবে অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।
নিউইয়র্কের পরিবর্তে ভার্জিনিয়ার পেন্টাগনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ট্রাম্প। গ্রাউন্ড জিরোর স্মরণ অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশাপাশি সাবেক চার প্রেসিডেন্ট—জর্জ ডব্লিউ বুশ, জো বাইডেন, বারাক ওবামা ও বিল ক্লিনটনের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে কোনো বক্তৃতা থাকবে না। নিহতদের পরিবারের সদস্যরা একে একে ২ হাজার ৯৭৭ জনের নাম পাঠ করবেন। গুরুত্বপূর্ণ মুহূর্ত স্মরণে বাজানো হবে ঘণ্টা।
এদিকে, ৯/১১ হামলার পর লোয়ার ম্যানহাটনে বিষাক্ত বাতাসের বিষয়ে নগর কর্তৃপক্ষ কী জানতো, সে সম্পর্কিত হাজার হাজার নথি সম্প্রতি প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র মামদানি। তিনি বলেন, মানুষ অসুস্থ হয়ে পড়েছিলো, কারণ তারা যেসব নেতার ওপর আস্থা রেখেছিলো, তারা তাদের নিরাপদ বলে আশ্বস্ত করেছিলেন এবং বিষাক্ত বাতাস সম্পর্কে সত্য জানাননি।
২০০১ সালের ওই হামলায় আল-কায়েদার ১৯ সদস্য চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে। দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, একটি পেন্টাগনে আঘাত হানে এবং চতুর্থটি পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলের কাছে বিধ্বস্ত হয়। হামলায় নিহত ২ হাজার ৯৭৭ জনের বাইরে ৯/১১-সংশ্লিষ্ট বিভিন্ন রোগে এখন পর্যন্ত আরও ৯ হাজার ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন।
//রুশা//
