আদালতের নির্দেশ না থাকলে একাধিক সাজা একসঙ্গে চলবে না: হাইকোর্ট
আদালতের স্পষ্ট নির্দেশনা না থাকলে একাধিক ফৌজদারি মামলায় দেওয়া কারাদণ্ডের সাজা একই সঙ্গে চলবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই ক্ষেত্রে একটি মামলার সাজা শেষ হওয়ার পর পরবর্তী মামলার সাজা কার্যকর হবে।
চেক ডিজঅনারের ছয় মামলায় দণ্ডিত মো. নাসির উদ্দিনের করা রিটের রুল খারিজ করে এই রায় দেন বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ। ২০২৫ সালের ২৭ আগস্ট দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
রায়ের বিবরণ অনুযায়ী, চট্টগ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় করা ছয়টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডিত হন। ২০২১ সালের ৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরে সাজা শেষ হওয়ার পরও তাকে কারাগারে আটকে রাখার অভিযোগে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন তিনি।
হাইকোর্টের রায়ে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারা অনুযায়ী, পৃথক মামলায় সাজা একই সঙ্গে চলবে এমন নির্দেশ সংশ্লিষ্ট আদালত না দিলে সাজাগুলো একের পর এক কার্যকর হবে। আর ৩৫এ ধারায় বিচারাধীন অবস্থায় কারাভোগের সময় কেবল সংশ্লিষ্ট মামলার সাজা থেকে বাদ যাবে।
তবে নাসির উদ্দিনের ছয় মামলায় বিচার চলাকালে তিনি কতদিন কারাগারে ছিলেন, তার হিসাব করে ‘ক্যালকুলেশন শিট’ তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। ওই হিসাব জেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর বিধি অনুযায়ী কারাভোগের সময় সাজা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে।
/শান্ত/
