দুর্নীতি মামলা
আবেদপুত্র সিয়াম-এর ৪ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি
সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর অবসরপ্রাপ্ত গাড়িচালক প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী’র ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম-এর ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর-এর আদালত এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বলেন, আসামির বয়স বিবেচনায় আদালত এই সাজা প্রদান করেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে তাঁকে আদালতে উপস্থিত করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ রায় ঘোষণা এই তারিখ নির্ধারণ করেন। এর আগে ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয় আদালত। গত ১৭ জুন এই মামলায় সিয়ামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
২০২৫ সালের ৫ জানুয়ারি সিয়ামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই বছরের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত শেষে সিয়ামকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন।
২০ জানুয়ারি প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক পিএসসি চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন।
/এমএএইচ/
