ভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে হাইকোর্টের নির্দেশনা
ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় নাগরিকদের হয়রানি ঠেকাতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, শুধু গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না; পরোয়ানার সত্যতা পুলিশের কেন্দ্রীয় ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমে যাচাই করতে হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালত নির্দেশ দিয়েছেন, পরোয়ানা কার্যকরের আগে পুলিশকে কেন্দ্রীয় ডেটাবেসে-এর সত্যতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠাতে আইজিপিকে বলা হয়েছে।
একই সঙ্গে নালিশি মামলা দায়েরের সময় বাদী ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার সঙ্গে আইনজীবীর পেশাগত পরিচয়পত্র এবং বাদীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি সংযুক্ত রাখতে হবে।
/শান্ত/
