অপ্রতিম হত্যার ঘটনায় মামলা, আসামি কারা?
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি বলেন, শনিবার দিবাগত রাত (২০ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের নাম অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন তুহিন, আনাস ও ফাহিম। এর মধ্যে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের সেই ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে নিখোঁজ হন ১৩ বছরের কিশোর অপ্রতিম। নিখোঁজের একদিন পর গত শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
// ইমরান//
