জেন জির ফ্যাশনে কেন জনপ্রিয় হচ্ছে ফিউশন?
জেন জি প্রজন্মের কাছে পোশাক এখন আর শুধু প্রয়োজন মেটানোর বিষয় নয়, নিজের পছন্দ ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি মাধ্যম। তাই কিশোর-কিশোরীদের ফ্যাশনে গতানুগতিক পোশাকের বদলে জায়গা করে নিচ্ছে উজ্জ্বল রং, ফিউশন ডিজাইন ও আন্তর্জাতিক ট্রেন্ড।
গরমের মৌসুমে জেন জির পোশাকে গুরুত্ব পাচ্ছে স্বস্তিদায়ক ও হালকা রং। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে মিল রেখে পপিং কালারের ব্যবহারও বাড়ছে। একই সঙ্গে নিজের পোশাকে আলাদা স্টাইল তৈরি করার প্রবণতা দেখা যাচ্ছে এই প্রজন্মের মধ্যে।
কিশোরীদের পোশাকে আনারকলি, জাম্পস্যুট ও বোহেমিয়ান ধাঁচের কুর্তি বেশ জনপ্রিয়। দেশীয় মোটিফের সঙ্গে পারসিয়ান বা ইরানি নকশার ফিউশনও থাকছে এসব পোশাকে। উৎসবকেন্দ্রিক ফ্যাশনেও দেশীয় ব্র্যান্ডগুলো এখন জেন জির রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আলাদা সংগ্রহ আনছে।
ছেলেদের পোশাকেও এসেছে পরিবর্তন। টি-শার্ট, পোলো ও ক্যাজুয়াল শার্টে গ্রাফিক্যাল, নিউমারিক ও অ্যালফাবেটিক ডিজাইনের পাশাপাশি সুপারহিরো, ফুলেল ও ট্রপিক্যাল প্রিন্ট দেখা যাচ্ছে। গতানুগতিক নকশার বাইরে গিয়ে ভিন্ন কিছু পরার আগ্রহই এসব পোশাককে জনপ্রিয় করে তুলছে।
তবে জেন জির প্রতিদিনের ফ্যাশনে স্টাইলের পাশাপাশি আরামও গুরুত্বপূর্ণ। ক্লাস, আড্ডা কিংবা ঘোরাঘুরির জন্য সহজে চলাফেরা করা যায় এমন পোশাকই বেশি পছন্দ করছে তারা।
ফ্যাশনের এই পরিবর্তনে অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সন্তানের পছন্দ-অপছন্দকে পুরোপুরি নিয়ন্ত্রণ না করে বয়স, পরিবেশ ও ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক বেছে নিতে তাদের সহযোগিতা করাই হতে পারে ভালো পথ।
/শান্ত/
