বাংলাদেশের কতো জেলা ঘুরেছেন, জানাবে যে ম্যাপ
বাংলাদেশের ৬৪ জেলার কতটি ঘুরেছেন, তার হিসাব এবার সহজেই দেখা যাবে অনলাইন ভ্রমণ ম্যাপে। ফেসবুকে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা ‘Unseen Bangladesh’ নামের এই ম্যাপ তৈরি করেছেন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন।
ম্যাপটি তৈরি করতে যেতে হবে ‘Unseen Bangladesh’ ওয়েবসাইটে। সেখানে আট বিভাগের ৬৪ জেলার তালিকা থেকে ঘুরে আসা জেলাগুলো নির্বাচন করা যাবে। চাইলে বাংলাদেশের মানচিত্রে সরাসরি ক্লিক করেও জেলা বাছাই করা যাবে। নির্বাচিত জেলার সংখ্যা ৬৪-এর মধ্যে কতটি, সেটিও ম্যাপে দেখাবে।
ভ্রমণ ম্যাপটি আরও ব্যক্তিগত করতে রয়েছে পাঁচটি থিম। চাইলে নিজের নাম ও ছবি যোগ করে ম্যাপটি সাজানো যাবে। এরপর সেটি পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে।
শুধু ভ্রমণের হিসাব নয়, ওয়েবসাইটটিতে পরবর্তী ভ্রমণের পরিকল্পনার সুবিধাও রয়েছে। কোন জেলা বা দর্শনীয় স্থানে যেতে চান, কতদিন থাকবেন এবং বাজেট কত হবে, এসব তথ্য দিয়ে ট্রিপ প্ল্যান করা যায়। একাধিক জেলা নিয়ে ভ্রমণের রুটও সাজানোর সুযোগ রয়েছে।
সাব্বির হোসেন রবিন জানান, নিজের ঘোরার হিসাব রাখার জন্য ভ্রমণ ম্যাপ বানাতে গিয়ে এই ওয়েব অ্যাপ তৈরির ভাবনা আসে। দেশকে নতুন করে চেনা এবং ভ্রমণপ্রেমীদের উৎসাহিত করাই উদ্যোগটির লক্ষ্য। ইতোমধ্যে ওয়েব অ্যাপটিতে ১২০০-এর বেশি মানুষ যুক্ত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
/শান্ত/
