ডেঙ্গুতে অক্টোবরে ৯ দিনে ৫০ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে এ রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩০০ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে। চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এরপর জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫০ জন। গত ৬ অক্টোবর এক দিনেই সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়।
/শান্ত/
