ভাওয়াল উদ্যান ও সাফারি পার্ক নতুনভাবে সাজানোর আশ্বাস মন্ত্রীর
ভাওয়াল জাতীয় উদ্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নতুনভাবে সাজানোর আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। পার্কে অনুপস্থিত প্রাণী ফিরিয়ে আনা, নতুন প্রাণী অন্তর্ভুক্ত করা, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং সার্বিক ব্যবস্থাপনার উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সাফারি পার্ক থেকে লেমুর ভারতে পাচারের অভিযোগ প্রসঙ্গে আব্দুল আউয়াল মিন্টু বলেন, লেমুরগুলো কীভাবে বাংলাদেশে এসেছে এবং পরে কীভাবে পার্ক থেকে বাইরে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ভারতে উদ্ধার হওয়া দুটি লেমুর বাংলাদেশ থেকেই গেছে কি না, তদন্ত শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিষয়টি দুই দেশের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তদন্তে সময় লাগতে পারে। পার্কের কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পার্কের সীমানা পেরিয়ে বেরিয়ে যাওয়া নীলগাই প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাণীটিকে টাঙ্গাইল এলাকায় প্রাকৃতিক পরিবেশে মাঝে মাঝে দেখা যায় বলে জানা গেছে। পার্কে নীলগাইটির অনুপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সেটিকে পুনরায় অন্তর্ভুক্ত করার বিষয়েও ভাবা হবে।
/শান্ত/
