লেবু দ্রুত নষ্ট হওয়া ঠেকানোর সহজ কৌশল জেনে নিন
বাজার থেকে টাটকা লেবু কিনে এনে কয়েক দিন পর দেখলেন শুকিয়ে কুঁচকে গেছে, কিংবা পচন ধরেছে, এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। দেখতে শক্তপোক্ত হলেও সঠিকভাবে সংরক্ষণ না করলে লেবু দ্রুতই আর্দ্রতা হারিয়ে নষ্ট হয়ে যায়।
কয়েকটি সহজ কৌশল জানা থাকলে লেবু দীর্ঘদিন সতেজ ও রসালো রাখা সম্ভব। লেবু সংরক্ষণের পদ্ধতির ওপরই নির্ভর করে কতদিন ভালো থাকবে।
ফ্রিজের ক্রিস্পার ড্রয়ারে লেবু রাখা যায়। এর আগে গোটা লেবু বায়ুরোধী ব্যাগ বা পাত্রে রাখতে হবে। এতে ফ্রিজের শুষ্ক বাতাসে লেবুর আর্দ্রতা দ্রুত হারানোর ঝুঁকি কমে। পাশাপাশি আপেল, কলা ও তরমুজের মতো ইথিলিন উৎপাদনকারী ফলের সঙ্গে লেবু রাখা উচিত নয়। এসব ফল থেকে নির্গত ইথিলিন গ্যাস পাকা ও পচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারে।
দীর্ঘদিন রাখতে চাইলে পানিভর্তি বয়ামে গোটা লেবু ডুবিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রাখা যায়। এতে লেবুর আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে।
অর্ধেক কাটা লেবু প্লাস্টিকের মোড়কে শক্ত করে মুড়িয়ে বা বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে রাখলে সাধারণত পাঁচ থেকে সাত দিন ভালো থাকে। লেবুর রস প্রায় চার দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায়। দীর্ঘমেয়াদে রাখতে চাইলে আস্ত লেবু, রস ও খোসা প্রায় চার মাস পর্যন্ত হিমায়িত করে রাখা যায়।
//রুশা//
