কনের সাজে লালের আধিপত্য কেন?
বিয়ের আসর, চারপাশে সাজসজ্জার ঝলকানি আর তার মাঝে লাল শাড়িতে সেজে থাকা নববধূ, বাঙালি বিয়ের এই চিরচেনা দৃশ্য যেন শত বছরের ঐতিহ্য। সময় বদলেছে, বদলেছে বিয়ের সাজ-পোশাকের ধরনেও। এখন অনেক কনেই লাল ছেড়ে বেছে নিচ্ছেন প্যাস্টেল, গোলাপি কিংবা অন্য আধুনিক রঙ। তবু বিয়ের কনে বলতেই লাল শাড়ি বা বেনারসির কথা এখনো সবার আগে মনে আসে। কিন্তু কেন বিয়েতে কনের পোশাকে লাল রঙের এতো আধিপত্য?
দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে লাল রঙকে দীর্ঘদিন ধরে শক্তি, সাহস, জীবনীশক্তি ও শুভ সূচনার প্রতীক হিসেবে দেখা হয়। বিয়ের ক্ষেত্রে এই রঙ উর্বরতা, সমৃদ্ধি ও দাম্পত্য জীবনের সুখের প্রতীক হিসেবেও বিবেচিত। তাই নতুন জীবনে পা রাখার মুহূর্তে কনের সাজে লালের ব্যবহার বিশেষ তাৎপর্য বহন করে।
হিন্দু বাঙালি বিয়েতে লাল বেনারসির প্রচলন ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। মুসলিম বিয়েতেও লাল পোশাকের জনপ্রিয়তা রয়েছে। পারিবারিক ও সামাজিক প্রত্যাশাও কনের লাল পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভালোবাসার প্রতীক হিসেবে লাল রঙের আলাদা আবেদন রয়েছে। তাই আধুনিকতার ছোঁয়া এলেও বিয়ের কনের সাজে লালের সেই ঐতিহ্য এখনো অমলিন।
