ভালোবাসায় যে কাজ ডেকে আনে সম্পর্কের দূরত্ব
ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হতে পারে, কে কতোটা দিলো, আর কে কতোটা নিলো, সেই হিসাব রাখা। সম্পর্ক বিশেষজ্ঞদের ভাষায়, এই প্রবণতাকে বলা হয় ‘কিপিং স্কোর’। শুরুতে বিষয়টি স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে এটি ভালোবাসাকে পরিণত করতে পারে হিসাব-নিকাশের সম্পর্কে।
‘আমি ওর জন্য এতো কিছু করেছি’, ‘সব সময় আমিই আগে ফোন করি’, ‘ওর জন্মদিনে এতো কিছু করলাম, অথচ আমার জন্মদিনে?’ এ ধরনের ভাবনা মূলত কিপিং স্কোরেরই উদাহরণ। এর ফলে পুরোনো অভিমান, কে কতোবার ক্ষমা চেয়েছে বা কে কতোটা ছাড় দিয়েছে, সবকিছুর হিসাব সামনে আসতে থাকে।
একটি সম্পর্ক সবসময় ৫০-৫০ হয় না। কখনো একজন বেশি দেবে, কারণ অন্যজন কঠিন সময় পার করছে। কখনো একজন ক্লান্ত থাকলে অন্যজন বাড়তি দায়িত্ব নেবে। সময় বদলালে সেই ভূমিকাও বদলে যেতে পারে।
কিপিং স্কোর না করার অর্থ অন্যায় মেনে নেওয়া নয়। একজন যদি নিয়মিত শুধু নেয়, অন্যজন শুধু দিয়ে যায়, তাহলে সম্পর্কের ভারসাম্য নিয়ে কথা বলা জরুরি।
সুন্দর সম্পর্ক টিকে থাকে হিসাবের খাতায় নয়; একে অন্যের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো, বোঝাপড়া ও ভালোবাসার মধ্য দিয়ে। ভালোবাসা কোনো স্কোরবোর্ড নয়।
//রুশা//
