জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
হার্টের রিং বা করোনারি স্টেন্টের নির্ধারিত মূল্য কার্যকর না করে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। অভিযোগ খতিয়ে দেখতে হাসপাতালটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।
দুদক সূত্র জানায়, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের তথ্য ও রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্ট টিম। এসব নথিতে স্টেন্টের মূল্য, রোগীদের কাছ থেকে আদায় করা অর্থসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।
এ ছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করেছে দুদকের টিম।
অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
//রুশা//
