চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার বাসিন্দা আয়েশ উদ্দিন (৭৫), তার ছেলে শরিফুল ইসলাম (৪৪) এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে আবদুল হামিদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সোনাইচণ্ডী হাটে গরু বিক্রি শেষে ব্যবসায়ী ও হাটের যাত্রীরা একটি ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথে পুসকুনি এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। একজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসক ডা. আবুল হায়াত দু’জনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
// ইমরান//
