উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, ক্ষতবিক্ষত যুবকের দুই পা
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবকের দুই পায়ের গোড়ালি ক্ষতবিক্ষত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল চারটার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের শূন্যরেখার কাছে এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম হামিদ হোসেন (৩২)। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা কামাল হোসেনের ছেলে। তাকে আহত অবস্থায় উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় জেলেরা। অবস্থার অবনতি হওয়ায় পরে কক্সবাজার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের ভূখণ্ডে হঠাৎ বিকট শব্দে একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। পরে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়া যায়, বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন।
পুলিশ ও সীমান্তের একাধিক সূত্র জানায়, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকাতে রাখাইন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে মাইন পুঁতে রেখেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত দেড় বছরে এই ধরনের ৪৫টির বেশি মাইন বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
// ইমরান//
