ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত
ফেনীতে চেকপোস্টে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর এক ওয়ারেন্ট অফিসার ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক। রবিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলমগীর (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি) এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়। তিনি চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামান। পরে একই লেনে একটি ট্রাকের চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে চালিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেন। এরপর ট্রাকটি মহাসড়কের বাম পাশ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে ধাক্কা দেয়।
দায়িত্বরত এসআরবি সদস্যরা মোহাম্মদ আলমগীরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানার হেফাজতে নেয়। এই ঘটনায় মহিপাল হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
// ইমরান//
