৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু
টানা ৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি সড়কে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকির মুখে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহণ শ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর আশ্বাসে বাস চলাচল আবারো শুরু হয়েছে।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, নিরাপত্তার আশ্বাস এবং বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় নিয়ে অনেকটা ঝুঁকি নিয়েই তাঁরা থানচি সড়কে বাস চালাতে সম্মত হয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহণকর্মীদের বৈঠক হয়েছে। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে নিরাপত্তা এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বান্দরবানের এসপি ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
বাসচালকেরা জানান, এই সড়কে তাঁদের অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। সাম্প্রতিক পরিস্থিতিতে সেই ঝুঁকি আরো বেড়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকলে সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে বলে আশা করছেন তাঁরা।
/এমএএইচ/
