মৌলভীবাজারে ভোর হলেই জমে ওঠে এক বেলার সবজি হাট
সকালের আলো পুরোপুরি ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার। মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ স্কয়ার চত্বরে তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক থেকে নামছে সবজির বস্তা। স্থানীয় কৃষকেরাও খেতের ফসল নিয়ে হাজির হন। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে ভোরেই জমে ওঠে প্রায় ৫০ বছরের পুরোনো এই সবজির হাট।
প্রতিদিন বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর, পাবনা, ভৈরব ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ট্রাকে করে সবজি আসে এখানে। পাশাপাশি শ্রীমঙ্গল, আদমপুর, গিয়াসনগর, সাতগাঁও ও দিগম্বরপুরসহ স্থানীয় বিভিন্ন এলাকা থেকেও কৃষকেরা অটোরিকশা, টমটম ও পিকআপে সবজি নিয়ে আসেন।
হাটে রয়েছে ১৪ থেকে ১৫টি আড়ত। কৃষকদের এসব আড়তের মাধ্যমে সবজি বিক্রি করতে হয়। প্রতি হাজার টাকার বিক্রিতে আড়তদারকে দিতে হয় ৮০ টাকা কমিশন।
সকাল ছয়টার দিকে হাটে বেচাকেনা সবচেয়ে জমে ওঠে। এরপর খুচরা বিক্রেতারা ভ্যান, রিকশা ও টমটমে সবজি নিয়ে ছড়িয়ে পড়েন শহরের বিভিন্ন এলাকায়। বেলা একটা থেকে দুইটার মধ্যে মূল বেচাকেনা শেষ হয়ে যায়। স্থানীয় আড়তদারদের হিসাবে, এক বেলার এই হাটে প্রতিদিন আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি বিক্রি হয়।
শুধু সবজির কেনাবেচা নয়, ভোরের এই হাটকে ঘিরে কৃষক, আড়তদার, শ্রমিক, পরিবহনকর্মী ও খুচরা বিক্রেতাসহ বহু মানুষের জীবিকাও গড়ে উঠেছে।
/শান্ত/
