ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফেরদৌস আহমেদ মিষ্টি।
বিএনপি'র সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে। ওইদিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিলো। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিলো।
এদিকে রাজধানীর উত্তর অংশে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিএনপির সাংগঠনিক পর্যায়েও পরিবর্তন এসেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই দিনে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়েও কয়েকজন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই অবস্থায় ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগের আলোচনা বিএনপির চলমান সাংগঠনিক সিদ্ধান্তগুলোর সঙ্গে নতুন করে গুরুত্ব পাচ্ছে। তিনি কবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, কিংবা শেষ পর্যন্ত পদত্যাগ করবেন কি না, সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।
// ইমরান//
