‘হাসিনা আসুক, এটা আমরা চাই’: সংস্কৃতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাগুরার শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘হাসিনার বিরুদ্ধে একটি-দুটি মামলার রায় হয়েছে, আরও অনেক মামলা বিচারাধীন। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এই বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই।’
এই সময় তিনি আরও বলেন, ‘তবে কেউ যদি এই মাটিতে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, গত ১৮ বছর দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। তার দাবি, ওই সময়ে বিএনপির নেতাকর্মীরা পালায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি কখনও পালায় নি, বিএনপি পালাবার দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে।’
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
//আরএস//
