আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির
বিমানবন্দরের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ করায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৪ অক্টোবর) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
জামায়াত আমির বলেন, আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন; তিনি দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা হয়ে উঠেছেন। এই ঘটনাকে দেশবাসী ও প্রবাসীদের হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।
বিমানবন্দরে জামায়াতের সংসদ সদস্যদের হেনস্তার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা ‘মিথ্যা’। আখতারুজ্জামান কারও গায়ে হাত তোলেননি।
জামায়াত আমির আরও বলেন, রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। জনগণ শান্তিতে ঘুমাতে না পারলে সেই সরকারের প্রয়োজন নেই। জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে দায়িত্ব তাদেরই দেওয়া হবে, যারা তা করতে পারবে।
// ইমরান//
