হুইলচেয়ারে সংসদে মির্জা আব্বাস
সাড়ে ৫ মাস দেশ ও দেশের বাইরে উন্নত চিকিৎসা শেষে জাতীয় সংসদে ফিরেছেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে হুইলচেয়ারে যোগ দেন তিনি। এ সময় স্পিকার ও সহকর্মী সংসদ সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
অধিবেশনে মির্জা আব্বাসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাস দীর্ঘ সাড়ে ৫ মাস পর চিকিৎসা শেষে আপনি সংসদে উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।’
স্পিকারের বক্তব্যের পর আসন থেকে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন মির্জা আব্বাস। এ সময় তাঁর পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে স্ত্রী আফরোজা আব্বাসকে সঙ্গে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা আব্বাস।
গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাঁকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিলো।
