মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের নিবন্ধন
২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের জন্য পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। নিবন্ধন প্রক্রিয়া সহজ করতেই পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে।
তবে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় নির্ধারিত মেয়াদের পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে তথ্য হালনাগাদ করতে হবে। পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে তথ্য হালনাগাদ না করলে ভিসা দেওয়া হবে না।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে। বাংলাদেশ থেকে এবার ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
শুক্রবার বিকেল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন প্রাথমিক নিবন্ধন করেছেন। ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।
/শান্ত/
