নতুন মৌসুমের শুরুতেই গোলের বন্যা, আবাহনীর মুখে হতাশা
সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুমের প্রথম দিনেই বড় জয় পেয়েছে ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে ড্র করেছে গত দুই মৌসুমের রানার্সআপ আবাহনী লিমিটেড।
চট্টগ্রাম সিটির বিপক্ষে ফর্টিসের জয়টি অবশ্য যতটা বড়, ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ততটা ছিলো না। প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়লেও বিরতির পর পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে নবাগত দলটি। ফর্টিসের খেলোয়াড়েরা একের পর এক আক্রমণে সহজেই গোলের সুযোগ তৈরি করেন।
চট্টগ্রাম সিটির রক্ষণভাগও ফর্টিসের আক্রমণ সামলাতে পারেনি। দুই সেন্টারব্যাকসহ রক্ষণভাগের খেলোয়াড়দের অনেক সময়ই প্রতিপক্ষের ফরোয়ার্ডদের সঙ্গে বল দখলের লড়াইয়ে যেতে দেখা যায়নি।
এদিকে মানিকগঞ্জে পিডব্লিউডি'র সঙ্গে গোলশূন্য ড্র করেছে আবাহনী। পুরো ম্যাচে কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি গত দুই মৌসুমের রানার্সআপরা।
বিদেশি খেলোয়াড় না আসায় আবাহনীকে পুরোপুরি স্থানীয় ফুটবলারদের নিয়ে একাদশ সাজাতে হয়েছে। নতুন মৌসুমে দলটির অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিন খান।
লিগের প্রথম দিনে আরও তিন ম্যাচে ঢাকা সিটি ক্লাব ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে, ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ২-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে।
//আইই//
