শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা
ব্যারিস্টার রুমিন ফারহানা।
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারেন। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে। বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা। এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, মিছিল-মিটিং হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এগুলো সবই স্বাভাবিক।
// ইমরান//
